অর্থ, পেশিশক্তি ও ধর্মান্ধতার চাপে নারী প্রতিনিধিত্ব জিম্মি হয়ে পড়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সংস্থাটি জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীদের অংশগ্রহণের ক্ষেত্রে জুলাই সনদে প্রস্তাবিত ৫ শতাংশ লক্ষ্যমাত্রা কোনো রাজনৈতিক দলই পূরণ করতে না পারায় তারা হতাশ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের দাখিল করা হলফনামায় উল্লেখিত তথ্যের যথার্থতা যাচাইয়ের আহ্বান জানিয়েছে।
টিআইবি বলেছে, হলফনামায় দেওয়া দ্বৈত নাগরিকত্ব, আয়, সম্পদ, ঋণ ও দায়-দেনার তথ্য কতটা সঠিক এবং ঘোষিত আয় ও সম্পদ বৈধ উপায়ে অর্জিত কি না-তা যাচাই করা জরুরি।
প্রার্থীরা হলফনামায় তাদের সম্পদের পূর্ণ বিবরণ দিয়েছেন কি না, দেশে বা বিদেশে অর্জিত কোনো সম্পদের তথ্য গোপন করা হয়েছে কি না-এসব বিষয় যাচাই অনিবার্য, বিবৃতিতে যোগ করা হয়।
এ ছাড়া হলফনামা বিশ্লেষণে পাওয়া আয় ও সম্পদের তথ্য বৈধ আয়ের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, সেটিও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেছে টিআইবি।
এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং রাজস্ব বিভাগকে সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।


