বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে অবসরপ্রাপ্ত আইজিপি ও সাবেক সচিব মো. আবদুল কাইয়ুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।
একইসঙ্গে অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভাপতি ও মহাসচিব পদের পাশাপাশি অন্যান্য বেশ কয়েকটি পদেও কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি মো. আব্দুল মান্নান, মো. আবদুর রহমান খান) এবং মো. মোখলেছুর রহমান।
এ ছাড়া কোষাধ্যক্ষ পদে মো. আব্দুল কুদ্দুস খান, যুগ্ম মহাসচিব পদে মো. সিরাজুল ইসলাম ও মো. বক্তিয়ার হোসেন ভূঞা, দপ্তর সম্পাদক পদে কাজী শাহাবুদ্দিন আহম্মদ, লাইব্রেরি ও ডরমিটরি সম্পাদক পদে নাসির উদ্দিন খান এবং সহকারী কোষাধ্যক্ষ পদে মো. জাহিদ আলম বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের সভায় গৃহীত সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে এই ঘোষণা দেওয়া হয়। পদগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় কমিশন তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। তবে কার্যনির্বাহী সদস্য পদের ১১টি পদের বিপরীতে ১৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ জুন কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং সমিতির ১৯টি শাখায় যথারীতি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


