বছরের শুরুতে ওয়েব ফিল্ম হিসেবে ঘোষণার পর নানা কারণে পিছিয়ে যায় অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’। অবশেষে চলতি মাসেই শুরু হচ্ছে ছবিটির শুটিং। তবে পরিকল্পনায় এসেছে বড় পরিবর্তন। ওয়েব ফিল্ম নয়, এটি এখন নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে এবং মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহে।
ছবির নির্মাতা কামরুজ্জামান রোমান জানান, প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগায় মার্চে শুটিং শুরু করা সম্ভব হয়নি। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় চলতি মাসের মাঝামাঝি থেকে দৃশ্যধারণ শুরু হবে।
ওয়েব ফিল্ম থেকে পূর্ণদৈর্ঘ্য সিনেমায় রূপান্তরের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, প্রি-প্রোডাকশনের সময় বাজেট, গল্পের পরিসর এবং শিল্পীদের বিষয় বিবেচনা করে তাদের মনে হয়েছে, ‘শিকার’ বড় পর্দার জন্যই বেশি উপযোগী। পরে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মস-এর সঙ্গে আলোচনা করে সিনেমা হিসেবে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্মাতা জানান, ছবির অধিকাংশ দৃশ্যের শুটিং হবে নেপালে। এ জন্য শুটিং ইউনিট চলতি মাসের মাঝামাঝি দেশটিতে যাবে।
ইতোমধ্যে ছবির একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও ন্যান্সি। গানটির কথা লিখেছেন কবির বকুল, আর সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। পাশাপাশি আকাশ মাহমুদের সুরে আরও একটি আবেগঘন গানের রেকর্ডিংও সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত থ্রিলারধর্মী এই ছবিতে অপু বিশ্বাসকে দেখা যাবে এক গ্ল্যামারাস চরিত্রে। নির্মাতার দাবি, ছবিটির সবচেয়ে বড় শক্তি হবে এর গল্প।
‘শিকার’-এ অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুরতজা পলাশ। ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।
উল্লেখ্য, জানুয়ারিতে ‘শিকার’ ওয়েব ফিল্ম হিসেবে ঘোষণার সময় এটিকে অপু বিশ্বাসের ওটিটি অভিষেক হিসেবে প্রচার করা হয়েছিল। তবে কয়েক দফা বিলম্বের পর শেষ পর্যন্ত প্রজেক্টটি বড় পর্দার চলচ্চিত্রে রূপ নিয়েছে, যা অপু বিশ্বাসের নতুন সিনেমা হিসেবে দর্শকদের সামনে আসছে।


