নীলফামারীতে নাশকতাসহ বিভিন্ন অপরাধ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা যুগ্ম সাধারণ সম্পাদকসহ দলের অঙ্গসংগঠনের আরও ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার বিকালে জেলা পুলিশের কন্ট্রোল রুম থেকে বিষয়টি জানানো হয়েছে।
গ্রেপ্তার আসমিরা হলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোজাফফর হোসেন (৫৭), সাধারণ সম্পাদক সৈয়দপুর উপজেলা বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক উপসম্পাদক শ্রী সুমন চন্দ্র মহন্ত (৩৪), জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লাজু ইসলাম (৪৫)।
এ ছাড়া, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের উপজেলার বালাগ্রাম ইউনিয়নের আহ্বায়ক মাহবুবার রহমান রনি (৪৩), ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দারোগ আরী সিকদার (৪০) ও ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়ন আওয়ামী লীগের দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জয়নাল আবেদীন (৪০)।
জেলা পুলিশ জানিয়েছে, নাশকতা, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত মামলার ভিত্তিতে বিভিন্ন উপজেলায় এক সঙ্গে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান চালানো হয়। পরে সংশ্লিষ্ট থানা পুলিশ আসামিদের গ্রেপ্তার করে।
নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গত ছয় দিনে বিশেষ অভিযানে জেলা আওয়ামী লীগের ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, বুধবার চারজনকে, বৃহস্পতিবার সাত, শুক্রবার পাঁচ, শনিবার পাঁচ ও রোববার নয়জন নেতাকর্মীকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় পুলিশ।


