মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে অপতথ্যের বিরুদ্ধে সতর্ক থাকতে যাত্রীদের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
মঙ্গলবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট শিডিউল ব্যবস্থাপনা ও যাত্রীসেবা নিশ্চিতে করণীয় বিষয় নিয়ে এক সভা শেষে তিনি এ আহ্বান জানান বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
তিনি বলেন, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবাইকে অপতথ্যের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং যাত্রীরা যাতে হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে হবে।
যেসব যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে, পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের অগ্রাধিকার ভিত্তিতে পরিবহনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যোগ করেন তিনি।
এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, সঠিক ও হালনাগাদ তথ্য দিতে প্রয়োজনে ২৪ ঘণ্টা জরুরি যোগাযোগ নম্বর চালু রাখতে হবে।
উদ্ভূত পরিস্থিতিতে কোনো ধরনের অতিরিক্ত চার্জ আরোপ না করে মানবিক দৃষ্টিকোণ থেকে যাত্রীদের পাশে দাঁড়াতে হবে, বলেন তিনি।
সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতের আকাশসীমা বন্ধ রয়েছে। সর্বশেষ সৌদি আরবের দাম্মামেও ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে। অপতথ্যের কারণে অনেক যাত্রী বিভ্রান্ত হচ্ছেন এবং ভোগান্তিতে পড়ছেন বলেও তারা উল্লেখ করেন।
পরিস্থিতি স্বাভাবিক হলে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার মাধ্যমে আটকে পড়া যাত্রীদের পরিবহনের উদ্যোগ নেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়েছে।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত স্বাগত বক্তব্য দেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, মন্ত্রণালয় ও অধস্তন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বেসরকারি এয়ারলাইন্সের প্রতিনিধিরা।


