চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর সীমান্তবর্তী আঁধারমানিক এলাকা থেকে পুটন মোল্ল (১৯) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার দুপুর আনুমানিক দেড়টার দিকে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ আঁধারমানিক বিওপির একটি টহলদল স্থানীয় জনগণের সহযোগিতায় তাকে আটক করে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত পুটন মোল্ল ভারতের দক্ষিণ ত্রিপুরার সাবরুম থানার রামেন্দ্রনগর গ্রামের বাদল মোল্লের ছেলে। বিজিবি জানায়, তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন।
এ ঘটনায় আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে ভূজপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং আন্তসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা দৃঢ় ও তৎপর রয়েছে।


