অধ্যাদেশ জারির দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

অধ্যাদেশ জারির দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য অধ্যাদেশ জারির দাবিতে বুধবার ঢাকার সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। ছবি : টাইমস
Advertisement
Advertisement

দাবি আদায়ে আবারও পথে নেমেছেন ঢাকার সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের এবারের দাবি, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র নামে অধ্যাদেশ জারি।

এই দাবিতে বুধবার সকালে ঢাকা কলেজ থেকে মিছিল বের করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে সায়েন্সল্যাব ও নীলক্ষেত মোড় কিছু সময়ের জন্য অবরোধ করে রাখেন তারা। এসময় দ্রুত অধ্যাদেশ জারি করতে স্লোগান দেওয়া হয়।

কর্মসূচি সফল করতে গত কয়েকদিন ধরেই ক্যাম্পাসগুলোয় পোস্টারিং করা হয়েছে। প্রচারও চালিয়েছেন শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, ‘অধিভুক্ত কলেজ’ পরিচয়ে পড়াশোনা করা ছিল অবমাননাকর। তারা এখন আলাদা স্বতন্ত্র পরিচয় চান। আগামী ২৬ আগস্টের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে অধ্যাদেশ জারি না হলে তারা আবার রাজপথে নামবেন। সেইসঙ্গে আরও কঠোর কর্মসূচিরও  ঘোষণা দেবেন।

আরও পড়ুন

২০১৭ সালে ঢাকার সাতটি বড় কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এই কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

অধিভুক্ত হওয়ার পর থেকেই সেশনজট, পরীক্ষার ফল প্রকাশে দেরি হওয়া, শিক্ষক ও অবকাঠামো সংকট, সার্টিফিকেট পেতে বিড়ম্বনাসহ নানা জটিলতায় পড়েন কলেজগুলোর শিক্ষার্থীরা। এক পর্যায়ে অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনে নামেন তারা। এই আন্দোলনে বিভিন্ন সময় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা, জড়িয়েছেন পুলিশের সঙ্গে সংঘর্ষেও।

শিক্ষার্থীদের দাবির মুখে সাতটি কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের ঘোষণা দেয় ইউজিসি। এরই মধ্যে ঘোষিত হয়েছে এর কর্মপরিকল্পনাও। তবে বিশ্ববিদ্যালয়টির নামে এখনো অধ্যাদেশ জারি না হওয়ায় আবারও পথে নামলেন সাত কলেজের শিক্ষার্থীরা।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad