জুবায়ের তানিন, আবু ধাবি থেকে
টানা দুই সিরিজ জয়, মাস খানেকের বেশি সময় ধরে চলা ফিটনেস আর স্কিল ক্যাম্পের আত্মবিশ্বাস নিয়ে সংযুক্ত আরব আমিরাতে এসেছে বাংলাদেশ দল। মঙ্গলবার আবু ধাবির জায়েদ স্টেডিয়ামের ওভাল ওয়ানে সেরেছে প্রথম অনুশীলন। বুধবার হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে লিটন দাসদের এশিয়া কাপ মিশন। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ।
হংকংয়ের সাথে এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে এর আগে একবারই খেলেছে বাংলাদেশ, ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। যদিও ১১ বছর আগের সেই ম্যাচে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। প্রায় এক যুগ পর আবারও পুরনো সেই হার প্রাসঙ্গিক হয়ে উঠল এশিয়া কাপের মঞ্চে।
মঙ্গলবার ক্যাপ্টেনদের সংবাদ সম্মেলন শেষে হংকংয়ের সিনিয়র ক্রিকেটার নিজাকাত খানের কথায়ও ফিরে এলো সেই ম্যাচের স্মৃতি। কথায় কথায় তিনি জানিয়ে দিয়েছেন, অনিশ্চয়তার ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে। অবশ্য আফগানিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৯৪ রানের হারের পর সেই আত্মবিশ্বাসে খানিকটা চিড় ধরারই কথা।
অবশ্য বাংলাদেশ অধিনায়ক আলাদা করে কিছু নিয়ে ভাবছেন না। ক্যাপ্টেনদের সংবাদ সম্মেলনে এই ডানহাতি ব্যাটার বলেন, ‘’সম্প্রতি তিনটি সিরিজ আমরা খেলেছি, খুব ভালো খেলেছি। সব খেলোয়াড় খুব রোমাঞ্চিত। এশিয়া কাপে সব দলই ভালো। নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে। ম্যাচ জিততে হলে শতভাগ দিতে হবে, এটাই মূল চ্যালেঞ্জ।’
আবু ধাবির চামড়া পোড়ানো, ঘাম ঝরানো গরমেই বাংলাদেশ সেরেছে তাদের প্রথম প্রস্তুতি সেশন। পুরো স্কোয়াডেই ছিল আত্মবিশ্বাসের ছোঁয়া। ম্যাচের সম্ভাব্য পরিস্থিতি অনুযায়ী চলেছে ব্যাটিং-বোলিং অনুশীলন। তবে সব ছাপিয়ে ভালো এই প্রস্তুতিটাই লিটনদের লড়াইয়ের রসদ হয়ে এসেছে এশিয়া কাপে। গ্রুপ পর্বে হংকং, আফগানিস্তান ও শ্রীলংকা বাংলাদেশের প্রতিপক্ষ। তাদের বিপক্ষে সব ধরনের চ্যালেঞ্জ নেয়ার জন্যই প্রস্তুত আছেন লিটনরা, নেই বাড়তি কিছু করে দেখিয়ে দেয়ার তাড়না।
লিটন বলেন, ‘’না, (দেখিয়ে দেওয়ার) তাড়না বলতে কিছু নেই। সম্প্রতি ভালো ক্রিকেট খেলে এসেছি। ক্যাম্পও করেছি। এশিয়া কাপের জন্য আমরা ভালোভাবে প্রস্তুত। সবই এখানে ভালো দল। খেলাটা চ্যালেঞ্জিং হবে। চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি। আমরা আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করব।’
নিজাকাত খান একটু প্রছন্ন হুমকি দিয়ে রাখলেও বাস্তবতা মাথায় রাখছেন হংকং কোচ কৌশল সিলভা। টেস্ট খেলুড়ে জাতি হিসেবে বাংলাদেশকে প্রাপ্য সম্মান দিয়ে এই লংকান কোচ বলেন, ‘দিন শেষে বাংলাদেশ কিন্তু টেস্ট খেলে। কিন্তু আমাদের হাতে যা আছে, সেটা নিয়েই কাজ করব। খুব বেশি দূরে ভাবছি না, কারণ বাংলাদেশ দারুণ একটা দল। আমরা কেবল ভালো ক্রিকেটটাই খেলতে চাই। দেখা যাক কোথায় গিয়ে থামি।’
এদিকে তিনবার এশিয়া কাপের ফাইনাল খেললেও একবারও শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। এবার অতীত বদলাতে চান লিটন। তবে সরাসরি শিরোপা জেতার কথা না বললেও ভালো ক্রিকেটের প্রতিশ্রুতি দিয়ে রাখলেন এই ডানহাতি ব্যাটার, ‘আমরা বেশ কয়েকবার রানার-আপ হয়েছি। এখনও চ্যাম্পিয়নশিপের স্বাদ পাইনি। অতীত তো ইতিহাস, ইতিহাস তৈরি হয় ভাঙার জন্য। আমরা ভালো খেলার চেষ্টা করব। চ্যালেঞ্জ হবে, এত সহজ হবে না। দল হিসেবে কীভাবে আরও উন্নতি করতে পারি সেই চেষ্টা করব।’


