চলতি অর্থবছরে ৩০ লাখের বেশি করদাতা অনলাইনে (ই-রিটার্ন) আয়কর রিটার্ন জমা দিয়েছেন এবং প্রায় ৪৫ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে এনবিআর।
জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ অনুযায়ী, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং দেশে কর্মরত বিদেশি নাগরিক ব্যতীত সকল করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ৪ আগস্ট ২০২৫ তারিখে www.etaxnbr.gov.bd। ওয়েবসাইটের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের ই-রিটার্ন কার্যক্রম উদ্বোধন করেন।
করদাতারা জানান, আগস্টে ২ লাখ ৫১ হাজার ৭৮৪ জন, সেপ্টেম্বর মাসে ৩ লাখ ১ হাজার ৩২ জন, অক্টোবর মাসে ৪ লাখ ৫৪ হাজার ৬৭ জন, নভেম্বর মাসে ১০ লাখ ৪০ হাজার ৪৭২ জন এবং ডিসেম্বর মাসে অদ্যাবধি প্রায় ১০ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। গত বছরের একই সময়ে ১০ লাখ ২ হাজার ২৮৯ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছিলেন।
সরকার ইতোমধ্যে ই-রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করেছে। জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে, বর্ধিত সময়ের মধ্যে ৪০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করবেন।
বিদেশে অবস্থানরত করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না হলেও, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং ই-মেইল ঠিকানা [email protected]তে পাঠালে OTP ও রেজিস্ট্রেশন লিংক ই-মেইলে পাঠানো হচ্ছে। এর মাধ্যমে বিদেশে থাকা করদাতারা সহজেই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন।
করদাতারা ঘরে বসেই তাদের আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য ই-রিটার্ন সিস্টেমে এন্ট্রি করে ডেবিট/ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করতে পারছেন। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আকনলেজমেন্ট স্লিপ এবং আয়কর সনদ প্রদান করছে।
জাতীয় রাজস্ব বোর্ড ই-রিটার্ন প্রক্রিয়া সহজ ও ঝামেলামুক্ত করতে করদাতা, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের প্রশিক্ষণ দিয়েছে। এ ছাড়া, কল সেন্টার ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১, ওয়েবসাইটের eTax Service অপশন এবং সারাদেশের ই-রিটার্ন হেল্প-ডেস্কের মাধ্যমে করদাতারা সহায়তা পাচ্ছেন।
জাতীয় রাজস্ব বোর্ড সকল করদাতাকে বিনীতভাবে অনুরোধ করছে আগামী ৩১ জানুয়ারি, ২০২৬-এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে দাখিল করতে।


