দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনি শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৪৩টি শিশু। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যু ও আক্রান্ত রেকর্ড করা হয়।
শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৬৪টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৬৩টি শিশু মারা গেছে।
এ ছাড়া, ২৪ ঘণ্টায় ৫৭টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৬৪। এই সময়ে ৭৮৪টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮০৭টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৬৭৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৮৫৩।
এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩৬ হাজার ২৫৭ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে।


