হবিগঞ্জের বাহুবলের লালটিলা এলাকায় নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় মো. সায়েদ (৪০) নামে এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার রাতে উপজেলার লালটিলা হরহরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সায়েদ উপজেলার চারগাঁও গ্রামের আজমদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো লালটিলা এলাকার নিজ মুরগির খামারের কাজকর্ম শেষ করে রাতে বাড়ি ফিরছিলেন সায়েদ। পথে লালটিলা নির্জন এলাকায় পৌঁছালে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, মোবাইল নিয়ে বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। মূল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।


