স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে ৩ নার্সকে বদলি করলেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে ৩ নার্সকে বদলি করলেন স্বাস্থ্যমন্ত্রী
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার সকাল ১১টার দিকে তিনি হাসপাতালটিতে পৌঁছান এবং প্রায় দুই ঘণ্টা সেখানে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী সরাসরি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং টিকিট কাউন্টারে লাইনে দাঁড়ানো সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে হাসপাতালের নানা অনিয়ম, চিকিৎসক সংকট এবং অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।

রোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালের তিনজন সিনিয়র নার্স  রিনা রানী বিশ্বাস, সুস্মিতা কীর্তনীয়া ও শামীমা আক্তারকে অন্যত্র বদলির নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেন।

আরও পড়ুন

হাসপাতাল চত্বরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। চিকিৎসা সেবায় কোনো ধরনের অবহেলা, অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না।’ তিনি দ্রুত হাসপাতালের পরিবেশ উন্নত করার নির্দেশ দেন এবং হাসপাতাল প্রাঙ্গণ থেকে দালাল চক্র উচ্ছেদে কঠোর ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন মো. জালাল উদ্দিন মোল্লা, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ শাওন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মমিনুর রহমান সরকারসহ স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর