সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের সরাই চণ্ডী নৌকা ঘাটে স্থায়ী সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ১৫টি গ্রামের লাখো মানুষ। বছরের পর বছর ধরে এখানে একটি সেতুর আকুতি জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি।
ফুলজোড় নদীর ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ এই ঘাটে বর্ষাকালে নৌকা আর শুষ্ক মৌসুমে নড়বড়ে কাঠের বা বাঁশের সাঁকোই পারাপারের একমাত্র ভরসা। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, শিশু ও আশঙ্কাজনক রোগীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় জরুরি রোগী ও প্রসূতি নারীদের নিয়ে। রাতে নৌকা না থাকলে নদীর পাড়েই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, যা অনেক সময় রোগীর প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়ায়।
এ ছাড়া, সময়মতো ঘাটে নৌকা না পাওয়ায় শিক্ষার্থীদের পরীক্ষা ও ক্লাস মিস হওয়ার ঝুঁকি থাকে। নদী পারাপারের ভোগান্তির কারণে কৃষকেরা তাদের উৎপাদিত ধান ও সবজি সময়মতো হাটে নিতে পারেন না, ফলে ফসল নষ্ট হয়ে আর্থিক ক্ষতির শিকার হতে হয়।
ভুক্তভোগী আমেনা খাতুন, সবজি ব্যবসায়ী চান মিয়া ও কৃষক আব্দুল করিম জানান, একটি সেতু নির্মিত হলে যাতায়াতের কষ্ট লাঘবের পাশাপাশি বাজারে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি আসবে।
যাতায়াত ব্যবস্থার দুর্দশার কথা স্বীকার করে সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমান জানান, সরাই চণ্ডী ঘাটে সেতু নির্মাণের প্রয়োজনীয় প্রস্তাবনা ও আবেদন পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন পেলে দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে।


