শোনা গিয়েছিলো ‘রাক্ষস’-এ সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করবেন প্রার্থনা ফারদিন দীঘি বা সাবিলা নূর। কিন্তু প্রযোজনা সংস্থা সূত্র জানাচ্ছে, মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিটির নায়িকা হিসেবে দেখা যাবে কলকাতার ইধিকা পালকে।
এর আগে গেল বছরের ফেব্রুয়ারিতে তামিম রহমানের ‘সিকান্দার’-এ অভিনয় করবেন সিয়াম-ইধিকা। তবে সে ছবির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাই সবকিছু পরিকল্পনামাফিক এগোলে এটিই হতে যাচ্ছে সিয়াম–ইধিকা জুটির প্রথম ছবি।
ইধিকার সঙ্গে চলতি সপ্তাহেই চুক্তিপত্রে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
ইধিকা পাল বাংলাদেশের দর্শকের কাছে পরিচিতি পান শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। ছবিতে তাঁর অভিনয়, উপস্থিতি ও রোমান্টিক চরিত্র দ্রুতই তাঁকে আলোচনায় নিয়ে আসে। এই নায়িকা শাকিব খানের বিপরীতে দ্বিতীয়বার অভিনয় করেন ‘বরবাদ’ ছবিতে। শাকিব খানের বাইরে তিনি কাজ করেন বাংলাদেশি পরিচালক হাসিবুর রেজার ‘কবি’ সিনেমায়, যেখানে তার বিপরীতে ছিলেন শরীফুল রাজ। পাশাপাশি কলকাতায় দেবের বিপরীতে ‘খাদান’ এবং ‘রঘু ডাকাত’ সিনেমায় অভিনয় করে টলিউডেও নিজেকে আলোচনায় রেখেছেন নিজেকে। আস্তে আস্তে বাংলাদেশের পাশাপাশি ভারতের কলকাতায় জনপ্রিয়তা বাড়ছে ইধিকার।
চলতি মাসেই ঢাকায় শুরু হবে ‘রাক্ষস’ ছবির শুটিং। দেশের বাইরে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতেও হবে কিছু অংশের চিত্রায়ণ। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক লোকেশন ও আধুনিক অ্যাকশন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে, যাতে পরিচালক ছবির স্কেল তার পূর্বের কাজগুলোকে ছাড়িয়ে যেতে পারেন। ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয় এই মুহূর্তে ছবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চান না। নায়ক সিয়ামও মুখে কুলুপ এঁটেছেন। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্র বলছে, দুই সপ্তাহের মধ্যেই ক্যামেরা রোলিং শুরু হবে, আর সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
মেহেদী হাসান হৃদয়ের আগের ছবি ‘বরবাদ’-এর মতো এই ছবিতেও থাকছে অ্যাকশন, স্টাইলাইজড ভিজ্যুয়াল, ক্রাইম–ড্রামা আর রোমান্স। গল্প ও চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে মাস দুয়েক আগে। পুরো টিম এখন শুটিং প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে।


