সারের ঘাটতি নেই, দুষ্কৃতকারীরা কৃত্রিম সংকট তৈরি করছে: কৃষিমন্ত্রী

সারের ঘাটতি নেই, দুষ্কৃতকারীরা কৃত্রিম সংকট তৈরি করছে: কৃষিমন্ত্রী
ফরিদপুর সদর উপজেলা হলরুমে জেলার পেঁয়াজ ও পাট চাষিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন কৃষিমন্ত্রী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত থাকার পরও কিছু দুষ্কৃতকারী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন কৃষি ও মৎস্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, কৃত্রিমভাবে সারের সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলা হলরুমে জেলার পেঁয়াজ ও পাট চাষিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার ও কৃষি উপকরণ বিতরণ নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে। কৃষকরা যাতে প্রয়োজনের সময় প্রয়োজনীয় উপকরণ পান, সে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।

ফরিদপুরের মাটির গুণাগুণের প্রশংসা করে কৃষিমন্ত্রী বলেন, এ অঞ্চলের মাটির বৈশিষ্ট্য অত্যন্ত ভালো। ফলে দেশের অন্যান্য অনেক এলাকার তুলনায় ফরিদপুরে তুলনামূলক কম পরিমাণ সার ব্যবহার করেই ভালো ফলন পাওয়া সম্ভব।

তিনি আরও বলেন, মাটির উর্বরতা ও অনুকূল পরিবেশের কারণে ফরিদপুর অঞ্চলে পেঁয়াজ ও পাটের চাষ ভালো হয়। এ অঞ্চলের কৃষকদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে উৎপাদন আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, আগামী দিনে পেঁয়াজ ও পাটের বীজ উৎপাদনের মাধ্যমে দেশকে আরও স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশীয়ভাবে উন্নতমানের বীজ উৎপাদন বাড়ানো গেলে কৃষকদের উৎপাদন ব্যয় কমার পাশাপাশি আমদানিনির্ভরতা কমানো সম্ভব হবে।

মতবিনিময় সভায় কৃষকরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। এ সময় কৃষি উপকরণের সময়মতো সরবরাহ, উৎপাদন খরচ, ফসলের ন্যায্যমূল্য এবং পেঁয়াজ ও পাটের বীজ উৎপাদনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ফরিদপুর জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ।

এ ছাড়া কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বৃহত্তর ফরিদপুরের পেঁয়াজ ও পাট চাষিরাও মতবিনিময় সভায় অংশ নেন।

আরও পড়ুন>>

সার না পেয়ে কুড়িগ্রামে গুদাম লুট

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর