পরিবেশ সুরক্ষা ও জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সাভারে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময়ই পরিবেশের বিষয়টিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে আসছেন। তারই জোরালো বহিঃপ্রকাশ হলো নির্বাচনী প্রতিশ্রুতিতে দেওয়া এই ‘পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি। শুধু কর্মসূচি ঘোষণাই নয়, সর্বস্তরের পেশাজীবীদের যুক্ত করে তা বাস্তবায়নের কৌশলই প্রমাণ করে বর্তমান সরকার কতটা জনবান্ধব।

উপদেষ্টা আরও উল্লেখ করেন, সরকারের ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ আরও একটি অনন্য কর্মসূচি, যা শিশু ও অভিভাবকদের মাঝে গাছের প্রতি মমত্ববোধ তৈরি করবে। এর পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে পাটের স্কুল ব্যাগ বিতরণের মতো পরিবেশবান্ধব উদ্যোগও গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শহীদ জিয়াউর রহমানের মতোই বর্তমান প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে দূরদর্শী নানা পদক্ষেপ গ্রহণ করছেন। বর্তমান সরকার বিগত চার মাসে যে অভূতপূর্ব কাজ করেছে, বিগত সরকার দীর্ঘ ১৭ বছরেও তা করার সাহস পায়নি।
তিনি অভিযোগ করেন, বিগত সরকার দেশের বন ও পরিবেশের ব্যাপক ক্ষতি করেছে এবং সেই ক্ষতি পুষিয়ে নিতেই এই মহতী উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখে ভোট দিয়েছে উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর কাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

অ্যাব-এর আহ্বায়ক কৃষিবিদ কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আব্দুল লতিফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাকিলা ফারুক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শাকিলা ফারুক।


