কানাডার বিপক্ষে ম্যাচে পেশিতে পাওয়া চোটের কারণে ফ্রান্সের বিপক্ষে হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে মরক্কো পাচ্ছে না তাদের সবচেয়ে নির্ভরযোগ্য স্ট্রাইকার ইসমায়েল সাইবারিকে। অন্যদিকে, সেমিফাইনালের টিকিট কাটার লড়াইয়ে নামার আগে আক্রমণভাগ নিয়ে কোনো ধরনের দুর্ভাবনাই নেই ফরাসি শিবিরে। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে–সবাই আছেন শতভাগ ফিট।
চলমান বিশ্বকাপে ৭ গোল করেছেন এমবাপ্পে। উইঙ্গার দেম্বেলের নামের পাশেও রয়েছে একটি হ্যাটট্রিকসহ ৪ গোল। এ ছাড়া, দুটি গোল করেছেন ব্রাডলি বারকোলা।
মরক্কোর এই অবিশ্বাস্য পথচলায় ৩ গোল করে দলকে সামনে থেকে পথ দেখাচ্ছিলেন সাইবারি। কিন্তু শেষ ষোলোয় কানাডার বিপক্ষে ম্যাচের ২২তম মিনিটেই পেশির চোটে মাঠ ছাড়তে হয় এই স্ট্রাইকারকে। তার বদলে নামা সুফিয়ান ব্রাহিমি ৩-০ ব্যবধানের জয়ের শেষ গোলটি করেন, আর এর আগে জোড়া গোল করে দলের জয় সহজ করেছিলেন আজেদিন উনাহি।
আরও পড়ুন: কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো
সাইবারির এই আকস্মিক চোটে মরক্কোর ‘প্রতিশোধের মিশন’ ম্যাচের আগেই বড় ধাক্কা খেল। বিশ্বকাপে দুই দলের সবশেষ দেখা হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে। সেবার থিও এরনান্দেস ও রন্দাল কোলো মুয়ানির গোলে ২-০ ব্যবধানে জিতেছিল ফ্রান্স। চার বছর আগের সেই হারের ক্ষতে প্রলেপ দেওয়ার লক্ষ্য নিয়ে বস্টনে নামবে মরক্কো। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচের আগে আক্রমণভাগ নিয়ে দারুণ স্বস্তিতে ফ্রান্স কোচ দিদিয়ে দেশম। গোল্ডেন বুট জয়ের দৌড়ে দারুণভাবে টিকে আছেন এমবাপ্পে। ৭ গোল নিয়ে তালিকায় তার সঙ্গী নরওয়ের আর্লিং হলান্ড, আর এক গোল বেশি নিয়ে শীর্ষে রয়েছেন আর্জেন্টাইনের লিওনেল মেসি।
ফ্রান্সের একমাত্র দুর্ভাবনা দলটির তিন খেলোয়াড়ের হলুদ কার্ড নিয়ে, যার মধ্যে আছেন ফর্মে থাকা মাইকেল ওলিসেও। এই মুহূর্তে বিশ্বকাপে সবচেয়ে বেশি ৫টি অ্যাসিস্ট তার নামের পাশে। এই কার্ডের সতর্কতাটুকু বাদ দিলে ফরাসি শিবিরে বড় কোনো দুঃশ্চিন্তা নেই বললে চলে।
আরও পড়ুন: প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
অপরদিকে মরক্কোর কোচ মোহামেদ ওয়াহবির কাঁধে রয়েছে সমর্থকদের প্রত্যাশা পূরণের মহাভার। আরব-আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার কীর্তি তারা গড়েছিল গত আসরে। এরপর আদালতের ‘বিতর্কিত’ রায়ে জিতেছে ২০২৫ সালের আফ্রিকার নেশনস কাপও। চলতি বিশ্বকাপে পাঁচ ম্যাচ ধরে অপরাজিত থাকা মরক্কো গ্রুপ পর্বে ব্রাজিলকে রুখে দিয়েছে, আর নকআউট পর্বের শুরুতে টাইব্রেকারে বিদায় করেছে নেদারল্যান্ডসকে।
ফ্রান্সের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি ২৫ বছর বয়সী স্ট্রাইকার সাইবারিকে ছাড়া খেলতে হলেও মরক্কো কোচ ওয়াহবি অবশ্য প্রবল আশাবাদী। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সাইবারি ছাড়া বাকি সবাইকে স্কোয়াডে পাওয়া যাবে। ম্যাচগুলো খুব দ্রুত হওয়ার কারণে এই ম্যাচে আমরা ওকে পাচ্ছি না। তবে আমি নিশ্চিত এবং আশা করি, টুর্নামেন্টের বাকি সময়ের জন্য সে পুরোপুরি ছিটকে যায়নি।’


