সবজির দামে স্বস্তি, চড়া মাছ-ডিম

সবজির দামে স্বস্তি, চড়া মাছ-ডিম
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামের সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। গত মাসের তুলনায় বিভিন্ন সবজির দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা কমেছে। মৌসুমের বাইরে থাকা কয়েকটি সবজির দাম বেশি থাকলেও অধিকাংশ সবজি এখন ১০০ টাকার নিচে বিক্রি হচ্ছে। তবে মাছ, মুরগি ও ডিমের বাজারে এখনো স্বস্তি নেই।

শুক্রবার নগরের চকবাজার, ২ নম্বর গেট, কাজীর দেউড়ি ও বহদ্দারহাট এলাকার কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। ক্রেতা-বিক্রেতারা জানান, গত মাসের তুলনায় সবজির দাম কমেছে।

পটল ও শসা কেজি ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৬০ থেকে ৭০, ঝিঙা ও চিচিঙ্গা ৭০ থেকে ৮০, করলা ৮০, বরবটি ও কাঁকরোল ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। বেগুন ৮০ থেকে ১০০ টাকা ও পেঁপে ৩০ থেকে ৪০ টাকা কেজি।

কয়েক সপ্তাহ আগে কাঁচা মরিচের দাম কেজিতে প্রায় ৪০০ টাকা উঠেছিল। এখন তা ৮০ থেকে ১০০ টাকায় নেমেছে।

মৌসুম না হওয়ায় আগাম শিম, টমেটো ও গাজরের দাম এখনো বেশি। সরবরাহ কম থাকায় এসব সবজির দাম পুরোপুরি কমেনি। তবে অন্যান্য সবজির সরবরাহ বাড়ায় বাজারে আগের মতো অস্বাভাবিক দাম নেই।

চকবাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আবুল মোমেন বলেন, ‘গত মাসে কয়েক ধরনের সবজি কিনতেই অনেক টাকা খরচ হতো। এখন দাম কিছুটা কমেছে। বেশির ভাগ সবজি ১০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এতে বাজার খরচে স্বস্তি মিলছে।’

আরও পড়ুন

মাছের বাজারে স্বস্তি নেই

সবজির দাম কমলেও মাছের দাম কমেনি। তেলাপিয়া কেজি ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২৩০ থেকে ২৫০, রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বড় রুই ৪৫০ থেকে ৫০০ টাকা ও ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা।

ট্যাংরা প্রায় ৭০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০, বাইন ৬০০ থেকে ৮০০ ও শোল প্রায় ৭০০ টাকা কেজি। চিংড়ি আকারভেদে ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা।

ইলিশের দামও সাধারণ ক্রেতার নাগালের বাইরে। ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ২ হাজার ৫০০ টাকায়। ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশের দাম প্রায় ৩ হাজার টাকা।

ফার্মের ডিম ডজন ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বহদ্দারহাটের সবজি বিক্রেতা ফজলুর রহমান বলেন, ‘গত মাসে টানা বৃষ্টি ও সরবরাহ সংকটে সবজির দাম বেড়েছিল। এখন আবহাওয়া স্বাভাবিক হওয়ায় মোকাম থেকে বেশি সবজি আসছে। ফলে কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম কমেছে।’

ক্রেতারা বলছেন, সবজির দাম কমলেও মাছ, ডিম ও অন্যান্য নিত্যপণ্যের বাড়তি দামে সামগ্রিক বাজার খরচ কমেনি। সরবরাহ স্বাভাবিক থাকলে নতুন মৌসুমের সবজি বাজারে এলে দাম আরও কমবে বলে আশা করছেন তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর