ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো ধরনের ভাষণ, বিবৃতি বা বক্তব্য গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশের ক্ষেত্রে আদালতের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে সরকার।
শুক্রবার তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্যবিবরণীতে দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর দৃষ্টি আকর্ষণ করে এই অনুরোধ জানানো হয়।
এতে বলা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, কোনো আদালতের সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর যেকোনো ধরনের বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ব্যাপারে আইনি নিষেধাজ্ঞা রয়েছে।
আরও বলা হয়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় কোনো গণমাধ্যমে (টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক মাধ্যম) প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
সরকার প্রত্যাশা করে, দেশের সবগণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকবৃন্দ প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন ও তা প্রতিপালনে সর্বাত্মক সহযোগিতা করবেন।


