রাউজানে বিএনপির প্রার্থী বদল, মনোনয়ন পেলেন গোলাম আকবর

রাউজানে বিএনপির প্রার্থী বদল, মনোনয়ন পেলেন গোলাম আকবর
গোলাম আকবর খোন্দকার | ফাইল ছবি
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে প্রার্থী বদল করেছে বিএনপি। প্রাথমিক মনোনয়ন পাওয়া গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে সরিয়ে আসনটিতে দলটির চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে দলের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে।

রোববার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন গোলাম আকবর খোন্দকার। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে রাউজানকে একটি ঐক্যবদ্ধ ও শান্তিপ্রিয় জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যাশার কথা জানান তিনি।

গত ৫ ডিসেম্বর ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (বর্তমানে পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিলেন।

তবে প্রাথমিকভাবে মনোনয়ন না পেলেও ওই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার।

আরও পড়ুন

উত্তর চট্টগ্রামের রাউজানে বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে।

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের অনুসারীদের মধ্যে নিয়মিত বিবাদ, হামলা-পাল্টা হামলা ও অপহরণের মতো ঘটনাও ঘটে।

দলীয় সূত্র জানিয়েছে, গত ৫ আগস্টের পর রাউজানে বিএনপির এই দুই গ্রুপের মধ্যে অন্তত অর্ধশত হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এর মধ্যে ২৬টি সংঘর্ষের ঘটনা ছিল উল্লেখযোগ্য।

বারবার সংঘর্ষের ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত ২৯ জুলাই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। পাশাপাশি আলাদা এক চিঠিতে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও স্থগিত করা হয়।

গত ২৭ ডিসেম্বর চট্টগ্রামের আরও দুটি সংসদীয় আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দেয় বিএনপি।

দলটির সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর) আসনে প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর