যুদ্ধের ক্ষত, নিষেধাজ্ঞার চাপ: কেমন আছে ইরানের জনগণ

যুদ্ধের ক্ষত, নিষেধাজ্ঞার চাপ: কেমন আছে ইরানের জনগণ
শত বছরের ঐতিহ্য বুকে নিয়ে এখনও সরব তেহরানের প্রধান বাজার। অর্থনৈতিক অনিশ্চয়তার মাঝেও প্রতিদিনের কেনাকাটায় ব্যস্ত মানুষ। ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রায় ছয় মাস ধরে চলা যুদ্ধের ধাক্কা সামলাতে না সামলাতেই ইরানের সামনে হাজির হয়েছে নতুন সংকট-আরও কঠোর মার্কিন নিষেধাজ্ঞার চাপ। একদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা অন্যদিকে আন্তর্জাতিক বিচ্ছিন্নতার হুমকি অনেকটাই কোণঠাসা করছে ইরানের সাধারণ জনগণকে।

তেহরানের ব্যস্ত রাস্তাগুলোতেও এখন আর শুধু যুদ্ধের আতঙ্ক নয়, ছড়িয়ে পড়ছে নতুন এক অনিশ্চয়তা- অর্থনৈতিক অবরোধের ভয়। দোকানি থেকে কারখানার শ্রমিক, মধ্যবিত্ত পরিবার থেকে ব্যবসায়ী- অনেকেই হিসাব কষছেন, নতুন মার্কিন নিষেধাজ্ঞার ধাক্কা তাদের দৈনন্দিন জীবনে কতটা প্রভাব ফেলবে।

কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বছরের পর বছর মার্কিন নিষেধাজ্ঞার চাপ, মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নে ক্ষতবিক্ষত ইরানের অর্থনীতি এবার আরও কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে। সাম্প্রতিক যুদ্ধের জেরে তেহরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে আরও বিচ্ছিন্ন করতে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে বিশ্বের অন্য দেশগুলোকে ইরানের সঙ্গে আর্থিক সম্পর্ক বজায় রাখলে প্রতিশোধমূলক মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের আর্থিক যোগাযোগ বিচ্ছিন্ন করাই এই অভিযানের মূল লক্ষ্য।

আরও পড়ুন

ইরানের মানুষের কাছে এটি শুধু আরেকটি কূটনৈতিক সংঘাত নয়, বরং বাজার, চাকরি ও ভবিষ্যৎ সঞ্চয়ের ওপর নতুন চাপের আশঙ্কা। কারণ দেশটির অর্থনীতি দীর্ঘদিন ধরে তেল রপ্তানি, বৈদেশিক লেনদেন ও আন্তর্জাতিক বাণিজ্যে বাধার সঙ্গে লড়াই করে আসছে।

কাজেই ইরানি জনগণের কাছে নিষেধাজ্ঞা নতুন কোনো অভিজ্ঞতা নয়। কয়েক দশক ধরে চলা নিষেধাজ্ঞার মধ্যেও দেশটি টিকে আছে। কারণ মিত্রদেশগুলো তাদের থেকে মুখ ফেরায়নি। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক কূটনীতি চালিয়ে যাওয়া ভারত, জাপান, যুক্তরাজ্য, জার্মানি, সংযুক্ত আরব আমিরাতসহ অনেক দেশও ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে আসছে।

তবে এবার প্রশ্ন উঠছে- বিশ্ব অর্থনীতির সঙ্গে ইরানের যে সীমিত সংযোগ এখনো টিকে আছে, সেটি যদি আরও সংকুচিত হয়, তাহলে সাধারণ মানুষের জীবনযাত্রায় এর চাপ কতটা বাড়বে? কারণ নিষেধাজ্ঞার লড়াই শুধু সরকার ও কূটনীতির টেবিলে হয় না। এর সরাসরি প্রভাব পড়ে বাজারে, মুদ্রার দামে, আমদানি পণ্যের দামে এবং সাধারণ মানুষের ঘরের বাজেটে।

যুদ্ধের উত্তাপ ও নিষেধাজ্ঞার চাপের মাঝেও থেমে নেই তেহরানের জীবনযাত্রা। গ্র্যান্ড বাজারে কেনাকাটার ব্যাগ হাতে মানুষের এই চলাচল যেন স্বাভাবিক থাকার এক প্রচেষ্টা। ছবি: এপি/ইউএনবি
নতুন নিষেধাজ্ঞার আশঙ্কার মধ্যেও চলছে তেহরানের ব্যস্ত নগরজীবন। বাসে করে কর্মস্থল ও গন্তব্যের পথে সাধারণ মানুষ। ছবি: এপি/ইউএনবি
তেহরানের একটি সংবাদ স্টলে প্রদর্শিত ‘হামশাহরি’ পত্রিকার শিরোনামে উঠে এসেছে অর্থনৈতিক নীতির সামরিকীকরণের আলোচনা। ছবি: এপি/ইউএনবি
যুদ্ধ ও অর্থনৈতিক চাপের ছায়ার মধ্যেও থেমে নেই নগরজীবন। ছবি: এপি/ইউএনবি
তীব্র গরমেও শিশুদের আনন্দ থেমে নেই। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দিনে তেহরানের ইব্রাহিম পার্কের পানির ফোয়ারায় স্বস্তির মুহূর্ত। ছবি: এপি/ইউএনবি
নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক সংকটের ছায়ায় ইরানের মুদ্রাবাজার। তেহরানের ফেরদৌসি স্কয়ারে পুরোনো ও বর্তমান ইরানি নোট দেখাচ্ছেন এক মুদ্রা বিক্রেতা। ছবি: এপি/ইউএনবি
যুদ্ধ ও অর্থনৈতিক চাপের মধ্যেও থেমে নেই সাংস্কৃতিক আয়োজন। তেহরানের আলোকচিত্র প্রদর্শনীতে আন্তর্জাতিক শিল্পীদের কাজ উপভোগ করছেন এক দর্শনার্থী। ছবি: এপি/ইউএনবি

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর