রাজধানীর পল্টন থানায় করা বিএনপিকর্মী মকবুল হোসেন হত্যা মামলা এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য হাজী সেলিমপুত্র সোলায়মান সেলিম ও মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
সোমবার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তদন্ত কর্মকর্তার করা পৃথক দুই আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন, পুলিশি নিরাপত্তার মধ্যে সোলায়মান সেলিম ও মোস্তফা জালাল মহিউদ্দিনকে আদালতে হাজির করা হয়। তাদের পক্ষে আইনজীবী শ্রী প্রাণ নাথ জামিনের আবেদন করেন।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ওই বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ ও তৎকালীন ক্ষমতাসীন দলের অনুসারীদের হামলার অভিযোগ ওঠে।
অভিযোগ রয়েছে, অভিযানের সময় বিএনপির কার্যালয় এলাকায় গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। এ সময় মকবুল হোসেন নামে এক বিএনপিকর্মী গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে পল্টন থানায় হত্যা মামলা করেন।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, সোলায়মান সেলিম (৩৫) ও মোস্তফা জালাল মহিউদ্দিন (৭৬) তৎকালীন সময়ে দায়িত্বশীল পদে থেকে রাজনৈতিকভাবে বিরোধী দল দমনে অর্থ সংস্থান, নির্দেশনা ও ঘটনার নেপথ্যে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে তদন্তে উঠে এসেছে।
আবেদনে আরও বলা হয়, দুই আসামিই বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। তাদের বিরুদ্ধে পল্টন থানায় দায়ের করা পৃথক মামলায় গ্রেপ্তার দেখানোর প্রয়োজনীয়তা রয়েছে।


