ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে ‘ভ্যাট দিয়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার রংপুরের পূর্ব কামাল কাছনার আগামী চাষি রংপুর লিমিটেডের কনফারেন্স হলে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস: নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) মোহা. আল আমিন প্রামাণিক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশেষ অতিথি ছিলেন কর অঞ্চল–রংপুরের কর কমিশনার মো. আবু সাইদ সোহেল, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এমদাদুল হোসেন এবং রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো গোলাম জাকারিয়া পিন্টু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার অরুণ কুমার বিশ্বাস। এ ছাড়াও উপস্থিত ছিলেন কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো খায়রুল কবির মিয়া, যুগ্ম কমিশনার মহিববুর রহমান ভূঞা, অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী, ব্যবসায়ী প্রতিনিধি, কর্মকর্তাকর্মচারী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যরা।
প্রধান অতিথি মোহা আল আমিন প্রামাণিক বলেন, ভ্যাট হলো অভ্যন্তরীণ রাজস্ব আহরণের অন্যতম প্রধান হাতিয়ার। সুষ্ঠু কর সংস্কৃতি ও ব্যবসাবান্ধব ভ্যাট ব্যবস্থা নিশ্চিত করতে ভ্যাট ব্যবস্থাপনাকে অনলাইনভিত্তিক করা এবং কাঠামোগত সংস্কার অত্যন্ত জরুরি।
সভাপতি অরুণ কুমার বিশ্বাস বলেন, উন্নয়নের অন্যতম চালিকাশক্তি রাজস্বকে শক্তিশালী করতে ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নের বিকল্প নেই।
তিনি আরও বলেন, এখন সময় এসেছে নতুনভাবে স্বপ্ন দেখার, পুরোনো ব্যক্তিকেন্দ্রিক অচলায়তন ভেঙে সুশাসন, শুদ্ধাচার ও ন্যায়ানুগ সমাজ গড়ে তোলার।
অনুষ্ঠানের প্রধান অতিথি এবং কমিশনার সবাইকে ভ্যাট দিবসের প্রতিপাদ্য সফল করার আহ্বান জানান।


