অভিযানে হামলার মুখে পুলিশ, গোপন সুড়ঙ্গে পালালেন ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা

অভিযানে হামলার মুখে পুলিশ, গোপন সুড়ঙ্গে পালালেন ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রামের খুলশীতে শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় অনুসারীদের হামলায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিমসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের অভিযানের খবর পেয়ে নিজ বাসার ভেতরে থাকা একটি গোপন সুড়ঙ্গপথ দিয়ে পরিবারের সহযোগিতায় বগা পালিয়ে যান বলে দাবি পুলিশের।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে তুলে নিয়ে মারধর এবং কলেজের অধ্যক্ষকে ভিডিও কলে রেখে নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলার ২ নম্বর আসামি ওয়াকিল হোসেন বগা। তাকে গ্রেপ্তারে ভোরে অভিযান চালায় খুলশী থানা পুলিশ।

অভিযান শুরু হলে বগার অনুসারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ করে। একপর্যায়ে খুলশী থানার ওসির সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় ওসিসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত হন।

পরে পুলিশ আত্মরক্ষার্থে ৩-৪টি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

অভিযানের একপর্যায়ে ওয়্যারলেস কলোনিতে বগার নিজ বাসায় তল্লাশি চালিয়ে একটি গোপন সুড়ঙ্গপথের সন্ধান পায় পুলিশ। পুলিশের দাবি, অভিযানের খবর আগেই পেয়ে ওই সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে যান বগা। পরে মোবাইল ফোন ও ভিডিও কলের মাধ্যমে তিনি পুলিশকে হুমকি এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলেও জানায় পুলিশ।

খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, শিক্ষককে মারধরের মামলা ছাড়াও বগার বিরুদ্ধে অস্ত্র মামলার ওয়ারেন্ট রয়েছে। নিয়মিত মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।

তিনি বলেন, ‘আসামিরা পূর্বপরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালিয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বগাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াকিল হোসেন বগা ওয়্যারলেস কলোনির মোহাম্মদ জাবেদের ছেলে। দীর্ঘদিন ধরে খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত ৮ জুন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর