ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে যুবকের মৃত্যু

ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ভোলার সদর উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় বিএনপি নেতা হোসেন ম্যানেজারকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে আসিফ নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর গণপিটুনিতে আহত আসিফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার সন্ধ্যায় উপজেলার রাজাপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। হোসেন ম্যানেজার ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুরের বাসিন্দা আসিফকে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেন হোসেন ম্যানেজার। এর জেরে আসিফ তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।

হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন আসিফকে গণপিটুনি দেন। পুলিশ তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে রোববার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

আসিফের মা হালিমা বেগম বলেন, ‘আমার ছেলে মাদকাসক্ত এবং হোসেন ম্যানেজারকে কুপিয়েছে, সবই সঠিক। তাই বলে হত্যা করবে? আমি এটার বিচার চাই।’

স্থানীয় বিএনপি নেতা আবুল খায়ের বলেন, ‘আসিফ মাদকাসক্ত, সে পূর্বেও একাধিকবার জেল খেটেছে।’ আসিফের মৃত্যুকে কেন্দ্র করে একটি পক্ষ রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, হোসেন ম্যানেজারকে ছুরিকাঘাতের পর বিক্ষুব্ধ জনতা আসিফকে গণপিটুনি দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad