জাতীয় সংসদে ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ এর ২০ ধারা বাদ দিয়ে আইনটির সংশোধনী বিল সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। তবে বিলটি নিয়ে আলোচনার সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর বদলে ভুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মো. আমির হামজা।
মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৯তম দিনের বৈঠকের শেষ দিকে এই ঘটনা ঘটে।
সংসদে বক্তব্য দেওয়ার সময় আমির হামজা বলেন, ‘সরকারের চার মাস হতে চলছে, আজ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো বিষয়ে ধন্যবাদ জানাইনি। আজকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি এই বিলটি মন্ত্রী নিয়ে আসার কারণে। এ বিলের উদ্দেশ্য ও কারণের সঙ্গে নীতিগতভাবে আমি মন্ত্রীর সঙ্গে একমত।’
এ সময় আমির হামজাকে ভুল ধরিয়ে দিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘সাইবার সুরক্ষা আইন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিল। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন ধন্যবাদ জানাচ্ছেন? সদস্য, বিলটি তো এনেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।’
স্পিকারের কথার জবাবে আমির হামজা বলেন, ‘শুনলাম সাইবারের দ্বারা অ্যাটাক যে বিষয়গুলো সবচাইতে বেশি হয়, সেখানে রাজনৈতিক ব্যক্তিবর্গের নামই বেশি আসে।’ অবশ্য পরবর্তীতে তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।


