নিউইয়র্ক সিটিতে মেক্সিকান নৌবাহিনীর একটি পালতোলা জাহাজ ব্রুকলিন ব্রিজে ধাক্কা দিলে গুরুতর আহত দুই নাবিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।
শনিবার ইস্ট রিভারে প্রচারণামূলক সফরে ভেসে চলা অবস্থায় জাহাজটির তিনটি মাস্তুলের একটি ব্রিজে আঘাত হানলে মাস্তুলটি কিছুটা ভেঙে পড়ে।
বার্তা সংস্থা এপি জানায়, দুর্ঘটনায় ২০ জন আহত হন, যাদের মধ্যে ১৯ জনকে চিকিৎসা দেওয়া হয়। তবে ব্রুকলিন ব্রিজে বড় কোনো ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীর মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা গেছে—জাহাজের মাস্তুল ব্রিজে আঘাত হেনে ভেঙে পড়ে। সংঘর্ষের সময় ব্রিজে যানজট ছিল বলে ভিডিওতে দেখা যায়।
জাহাজটি মেক্সিকোর সবুজ, সাদা ও লাল পতাকা উড়ছিল। পরে এটি ধীরে ধীরে নদীর কিনারে ভেসে যায়। আশেপাশে থাকা মানুষজন দ্রুত সরে যান নিরাপদ স্থানে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাজ থেকে দুজনকে স্ট্রেচারে করে ছোট নৌকায় সরিয়ে নেওয়া হয়।
মেক্সিকান নৌবাহিনী জানায়, ‘কুয়াউতেমোক’ নামের একাডেমিক প্রশিক্ষণ জাহাজটি দুর্ঘটনার ফলে সফর বন্ধ করেছে। নৌবাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে সহায়তা প্রদান করছে।
প্রতিবছর প্রশিক্ষণ শেষে ক্যাডেটদের নিয়ে এ ধরনের সফরে বের হয় জাহাজটি। এবার ৬ এপ্রিল ২৭৭ জন আরোহী নিয়ে এটি মেক্সিকোর আকাপুলকো বন্দর থেকে রওনা দেয়।
১৮৮৩ সালে নির্মিত ব্রুকলিন ব্রিজ প্রতিদিন এক লাখের বেশি যানবাহন ও ৩২ হাজার পথচারীর চলাচলের স্থান।

