রাজধানীর শ্যামপুর এলাকায় বাসে আগুন দেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সিয়াম সরকার (২২)। গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর থানা পুলিশের একটি দল রোববার ভোর ৪টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের খন্দকার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ডিএমপির মিডিয়া শাখার ডিসি তালেবুর রহমান জানান, যুবলীগ নেতা শাকিল বিন সামস ওরফে রাব্বির নির্দেশে ছাত্রলীগের দুই কর্মী বাসে আগুন দেওয়ার চেষ্টা করছিল। এ সময় সিয়াম সরকারকে হাতেনাতে আটক করা হয়। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে, রাফসান নামক আরেক অভিযুক্ত পালিয়ে যান।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন, যে সে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য।
গ্রেপ্তার হওয়া ও পলাতক আসামির বিরুদ্ধে শ্যামপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে তৎপরতা অব্যাহত আছে বলেও জানান ডিসি মিডিয়া।


