সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে ২৫ হাজার ৯০০ কোটি টাকার বেশি নিট মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। আগের অর্থবছরের তুলনায় মুনাফা বেড়েছে প্রায় ১২ শতাংশ।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘গত অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৫ হাজার ৯০০ কোটির উপরে। প্রায় ২৬ হাজার কোটি টাকার মতো।’
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের স্থানীয়ভাবে অর্জিত মুনাফা ছিল ২৩ হাজার ২২৬ কোটি টাকা। এক বছরে মুনাফা বেড়েছে ২ হাজার ৭৭৪ কোটি টাকা বা ১২ শতাংশ।
এই হিসাবে বিদেশে থাকা বাংলাদেশ ব্যাংকের বিনিয়োগ থেকে আয় অন্তর্ভুক্ত নেই। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত মুনাফার দুটি হিসাব প্রকাশ করে। একটি স্থানীয়ভাবে অর্জিত আয়। অন্যটিতে বিদেশি বিনিয়োগের আয় ও বৈদেশিক মুদ্রার পুনর্মূল্যায়নজনিত লাভ-ক্ষতি যুক্ত হয়।
২০২৪-২৫ অর্থবছরে বিদেশি বিনিয়োগের আয় ও বৈদেশিক মুদ্রার পুনর্মূল্যায়ন যুক্ত করে বাংলাদেশ ব্যাংকের মোট মুনাফা দাঁড়িয়েছিল ৩৪ হাজার ৮৯৪ কোটি টাকা।


