রাজধানীর পশ্চিম জুরাইনে একটি হেফজ মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে কীভাবে সে ছাদ থেকে নিচে পড়ে গেছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
রোববার রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম জুরাইনের তাসফিলুল কোরআন হেফজ মাদ্রাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মাদ্রাসার শিক্ষকরা ইয়ামিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সোয়া ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদ্রাসার প্রিন্সিপাল ফেরদৌস আহমেদ জানান, ইয়ামিন মাদ্রাসার হেফজ বিভাগে পড়ত। তার বাড়ি কদমতলীর মোহাম্মদবাগ এলাকায়। তার বাবার নাম রফিকুল ইসলাম।
তিনি বলেন, গত বুধবার মাদ্রাসা ছুটির পর ইয়ামিন বাসায় চলে যায়। এরপর সে আর মাদ্রাসায় আসেনি। ইয়ামিন মাদ্রাসায় আসতে চাইছিল না জানিয়ে তার বাবা প্রিন্সিপালকে ফোন করে তাকে বাসা থেকে বুঝিয়ে মাদ্রাসায় নিয়ে আসতে বলেন। তবে প্রিন্সিপাল তাকে আনতে যাননি।
রোববার রাতে ইয়ামিনের নানী তাকে মাদ্রাসায় দিয়ে যান। প্রিন্সিপালের ভাষ্য অনুযায়ী, মাদ্রাসায় আসার কিছুক্ষণ পর ইয়ামিন কৌশলে ছাদের গেটের চাবি নিয়ে ছাদে চলে যায়। কিছুক্ষণ পর খবর আসে, সে ছাদ থেকে নিচে পড়ে গেছে।
পরে মাদ্রাসার শিক্ষকরা ভবনের নিচ থেকে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ইয়ামিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


