নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সিয়াম মুক্তার ভূঁইয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার লস্করদী গ্রামের ছাপড়া মসজিদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই বংশের সদস্য মতিন (৫০) ও দেলোয়ারের (৪৮) মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ বাধে। এতে সিয়াম, মতিন, দেলোয়ার ও মামুনসহ অন্তত ১৫ জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সিয়ামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মতিন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। দেলোয়ার আওয়ামী লীগ-সমর্থক হিসেবে পরিচিত। তবে পুলিশ জানিয়েছে, সংঘর্ষের মূল কারণ দীর্ঘদিনের জমিজমা-সংক্রান্ত বিরোধ।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার বলেন, ‘জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’


