বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘ডিসি ট্রাফিক গুলশান ফুটবল কাপ’।
শুক্রবার ট্রাফিক গুলশান ডিভিশনের উদ্যোগে গুলশান ইয়ুথ ক্লাব ফুটবল মাঠে আয়োজিত এই প্রীতি টুর্নামেন্টে অংশ নেন ট্রাফিক গুলশান ডিভিশনের কর্মকর্তা ও সদস্যরা।
জমজমাট ম্যাচে আর্জেন্টিনা ফ্যানস টিম ৩-১ গোলের ব্যবধানে ব্রাজিল ফ্যানস টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় উপস্থিত ছিলেন ট্রাফিক গুলশান ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান। এ ছাড়া ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক) মো. রোকনুজ্জামান সরকার বিশেষ আমন্ত্রিত খেলোয়াড় হিসেবে ব্রাজিল ফ্যানস টিমের হয়ে মাঠে নামেন। তার অংশগ্রহণ খেলায় বাড়তি উৎসাহ যোগ করে।

খেলার একপর্যায়ে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ও ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস আকস্মিকভাবে মাঠে উপস্থিত হন। তারা খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা তুলে ধরেন। তাদের উপস্থিতি আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা, দলগত চেতনা, ভ্রাতৃত্ববোধ এবং পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।


