টিউলিপের চিঠি পাইনি: প্রেস সচিব

টিউলিপের চিঠি পাইনি: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চেয়ে যে চিঠি লিখেছেন তা পৌঁছেনি বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

রোববার এক ফেসবুক পোষ্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘সরকার এখনো এমন কোনো চিঠি পায়নি।’

এ বিষয়ে তিনি আরো বলেন, ‘আমরা এমন কিছু নিয়ে মন্তব্য করতে পারি না, যা আমরা দেখিনি।’

চারদিনের সফরে সোমবার যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরও তার সঙ্গী হচ্ছেন।

শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে বাংলাদেশে যে দুর্নীতির অভিযোগ রয়েছে তা ঘিরে তৈরি হওয়া ‘ভুল বোঝাবুঝি’ দূর করার জন্য ইউনূসের সাক্ষাৎ চান।

আরও পড়ুন

রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ চিঠির বরাত দিয়ে জানিয়েছে, “একটি চিঠি পাঠিয়ে এই অনুরোধ করেছেন টিউলিপ। তাতে বলা হয়েছে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অভিযোগের বিষয়ে এই বৈঠকে ‘ভুল বোঝাবুঝি’ দূর করতে চান তিনি।”

চিঠিতে ইউনূসকে হাউস অব কমন্সে মধ্যাহ্নভোজ বা বিকালে চা পানের আমন্ত্রণ জানান যুক্তরাজ্যের সাবেক এই প্রতিমন্ত্রী।

গত ৪ জুন তিনি যে চিঠি পাঠিয়েছেন তা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে প্রকাশ পেয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এ চিঠি প্রাপ্তির তথ্য স্বীকার করেননি কেউ।

সর্বশেষ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে স্পষ্ট করেই বলেছেন, ‘আমরা এমন কিছু নিয়ে মন্তব্য করতে পারি না, যা আমরা দেখিনি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর