রাজধানীর যাত্রাবাড়ী থানায় জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। রোববার পুলিশের করা আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই আন্দোলনে অংশ নেন পারভেজ হাওলাদার। ওই বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার সঙ্গে যাত্রাবাড়ী মহাসড়ক এলাকায় আন্দোলনে অংশ নেওয়ার সময় আন্দোলনকারীদের ওপর হাতবোমা নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটে।
এ সময় পারভেজ হাওলাদার গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত পারভেজের মা সেলিনা বেগম ২০২৫ সালের ১৫ নভেম্বর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় নূরুল ইসলাম সুজনকে আসামি করা হয়।
পুলিশ মামলাটিতে নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোর জন্য গত ১৯ আগস্ট আদালতে আবেদন করে। তবে সেদিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৩০ আগস্ট দিন ধার্য করে আদালত। সেই শুনানি শেষে আজ তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়।


