খাগড়াছড়িতে টানা তিন দিনের বৃষ্টিতে নদী, ছড়া ও খালের পানি বেড়েছে। মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে হালকা ও ভারী বর্ষণে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। নিম্নাঞ্চলের সড়ক ও বসতবাড়িতে পানি ঢুকে বেড়েছে জনদুর্ভোগ ।
জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সদর উপজেলার মুসলিমপাড়ার নিচু এলাকা, উত্তর গঞ্জপাড়া, মেহেদীবাগের একাংশ, মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজার এবং দীঘিনালা-লংগদু সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
এদিকে টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড় ধসের আশঙ্কাও বেড়েছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে প্রশাসন নজরদারি জোরদার করেছে।
জেলা প্রশাসন জানিয়েছে, বৈরী আবহাওয়ায় পানিবন্দি ও জলাবদ্ধতায় আক্রান্ত পরিবারগুলোর জন্য প্রয়োজন হলে আশ্রয়কেন্দ্র খোলা হবে। পাশাপাশি পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোর তালিকা করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি ও পূর্বাভাস পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


