ক্রীড়াঙ্গনের উন্নয়নে করপোরেটদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রীর

ক্রীড়াঙ্গনের উন্নয়নে করপোরেটদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রীর
জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দেশের পিছিয়ে পড়া ক্রীড়া ফেডারেশন এবং সম্ভাবনাময় খেলোয়াড়দের পাশে দাঁড়াতে বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব মো. মাহবুব-উল-আলম।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া বিকাশে বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, মন্ত্রণালয় এবং করপোরেট প্রতিষ্ঠানগুলো পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করলে দেশের ক্রীড়াঙ্গন বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় পৌঁছাতে পারবে।

সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী খেলার মাঠ উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ঢাকার প্রায় ১০০টি ওয়ার্ডের মধ্যে প্রতি দুটি ওয়ার্ডের মাঝামাঝি ২ থেকে ৩ বিঘা জমি অধিগ্রহণ করে একটি করে নতুন খেলার মাঠ গড়ে তোলা হবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, এসব মাঠে বয়স্ক ও প্রবীণদের হাঁটার জন্য ওয়াকওয়ে তৈরি করা হবে।

গ্রামীণ এলাকায় অবহেলায় পড়ে থাকা মাঠগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, দেশের ৬৪টি জেলায় ইনডোর সুবিধাসহ ৬৪টি স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।

বর্তমানে জনপ্রিয় হয়ে ওঠা ফুটসাল খেলার জন্য মাঠ নির্মাণেও সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানান তিনি।

তিনি বলেন, দেশে একটি পূর্ণাঙ্গ স্পোর্টস ইন্ডাস্ট্রি গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

এর ফলে দেশেই আন্তর্জাতিক মানের ক্রীড়া সামগ্রী উৎপাদন সম্ভব হবে, যা বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে উপস্থিত করপোরেট প্রতিনিধিরা প্রতিমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে দেশের ক্রীড়া উন্নয়নে অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর