কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় টানা দুইদিনের বৃষ্টিতে লেমশীখালী শাহজির পাড়া পুরনো সেতুটি ধ্বসে গেছে। সোমবার সকালে এটি ভেঙে পড়ে। স্থানীয়রা জানিয়েছেন, সেতুটি ধসে পড়ায় বন্ধ হয়ে গেছে মানুষের চলাচল।
সুত্র বলছে, দুই দশক আগের লেমশীখালী-কৈয়ারবিল ইউনিয়ন সংযোগ সেতুটি মারাত্মক ঝুঁকিতে ছিল দীর্ঘদিন ধরে। যানবাহন না চলায় প্রতিদিন দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ পায়ে হেঁটে যাতায়াত করে থাকেন। সেখানে আরেকটি সেতু নির্মাণের দাবিও রয়েছে দীর্ঘদিনের।
সেতুর পাশে শাহজির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মুজিবুর রহমান, স্থানীয় শাহজির পাড়ার নাছির উদ্দীন ও ব্যবসায়ি রমজান আলী জানান, এমনিতেই ঝুঁকি নিয়ে সেতুটিতে মানুষ চলাচল করে আসছিল। টানা দুইদিন ধরে বৃষ্টি হওয়ায় সোমবার সকাল ১০টার দিকে সেতুটির এক পাশ ভেঙে পড়ে। এতে এখন পারাপার করাও বন্ধ হয়ে গেছে।
লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন বলেন, শাহজির পাড়ায় ঝুঁকিপূর্ণ সেতু সংষ্কার বা নতুন সেতু নির্মাণে বারবার আবেদন করা হয়েছে। কিন্তু কাজ হয়নি।
কুতুবদিয়া উপজেলা প্রকৌশলী আবুস উদ্দিন জানান, শাহজির পাড়ায় পুরনো সেতুর পাশে আরেকটি সেতু নির্মাণে আগেই প্রস্তাবনা দেয়া আছে। সোমবার সকালে সেতুর এক পাশ ভেঙে পড়ায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।


