আগস্টে আইসিসির মাসসেরা দিনুশা

আগস্টে আইসিসির মাসসেরা দিনুশা
২৭ আগস্ট কলম্বোর এসএসসি গ্রাউন্ডে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ১০০ রান পূরণের পর উদযাপন করছেন শ্রীলঙ্কার সোনাল দিনুশা। ছবি: এএফপি/বাসস
Advertisement
Advertisement

শ্রীলঙ্কার ব্যাটার সোনাল দিনুশা বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ও ইংল্যান্ডের পেসার অলি রবিনসনকে হারিয়ে আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ হিসেবে ২৫ বছর বয়সী এই তারকার নাম প্রকাশ করে।

ঘরের মাঠে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে চমৎকার ব্যাটিংয়ের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পান দিনুশা। সিরিজে ১৪০ গড়ে সর্বোচ্চ ৪২০ রান করেন এই বাঁহাতি। চার ইনিংসের তিনটিতেই সেঞ্চুরি হাঁকান তিনি। প্রথম টেস্টে ১০০ ও ৮৪ রান করার পর দ্বিতীয় টেস্টে ১০৩ ও অপরাজিত ১৩৩ রানের ইনিংস খেলেন।

ক্যারিয়ারে প্রথমবার মাসসেরা হয়ে দিনুশা বলেন, ‘এই স্বীকৃতি আমার কাছে অনেক বড় কিছু। বিশেষ করে ক্যারিয়ারের শুরুর দিকে এই পুরস্কার পাওয়ায় আমি আইসিসির কাছে সত্যিই কৃতজ্ঞ।’

আরও পড়ুন

ভারতের বিরুদ্ধে সিরিজটি স্বপ্নের মতো কেটেছে জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘ভারতের বিপক্ষে সিরিজটি সব সময় আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে। তিনটি সেঞ্চুরি করা ছিল স্বপ্নের মতো। আর সেসব আরও অর্থবহ হয়েছে কলম্বো ও গলে নিজেদের দর্শকদের সামনে করতে পারায়।’

মাসসেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদও বড় দাবিদার ছিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে বড় অবদান ছিল তার। ডারউইনের সেই ম্যাচে প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে পান ৩ উইকেট। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৯.৭৭ গড়ে তার মোট শিকার ছিল ৯ উইকেট।

অন্যদিকে রবিনসন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ৭.১৮ গড়ে নেন ১৬ উইকেট। প্রথম টেস্টে ৮০ রানে ৮ উইকেট নেওয়ার পর দ্বিতীয় টেস্টে ৩৫ রানে পান আরও ৮ উইকেট।

গত বছরের জুনে কলম্বোতে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় দিনুশার। এ পর্যন্ত পাঁচটি টেস্ট খেলেছেন তিনি। তবে লঙ্কানদের জার্সিতে অন্য দুই সংস্করণে এখনো তার অভিষেক হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad