রাজধানীর দক্ষিণখানে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ। রোববার রাতে দক্ষিণখানের দেওয়ানবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইমউদ্দীন বিষয়টি টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পল্লবী থানার এএসআই শফিকুল ইসলাম ও ওয়াসিম।
ফইমউদ্দীন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেওয়ানবাড়ি এলাকা থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শফিকুল ইসলাম আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কি না জানতে চাইলে ওসি মো. ফইমউদ্দীন বলেন, ‘আমরা প্রাথমিকভাবে তার পরিচয় জানতে পেরেছি। তিনি ফোর্সের কেউ কি না, তা যাচাই-বাছাই চলছে।’
তিনি আরও জানান, গ্রেপ্তার দুইজনকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।


