১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা
এলপিজি গ্যাস। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

সেপ্টেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি কেজি এলপিজির দাম কমেছে ১ টাকা ৩ পয়সা। এতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমে ১ হাজার ৫৮৫ টাকা হয়েছে। আগে ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হবে।

জুলাইয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। আগস্টে ৭০ টাকা বাড়ার পর সেপ্টেম্বরে ১৩ টাকা কমানো হলো। ফলে জুলাইয়ের তুলনায় এখনো সিলিন্ডারপ্রতি ৫৭ টাকা বেশি দিতে হচ্ছে।

পাইপলাইনের গ্যাস সংকটে রান্নার জন্য এলপিজির ওপর নির্ভরতা বাড়ছে। ফলে দামের ওঠানামার প্রভাব পড়ছে ভোক্তার বাজেটে।

বিইআরসি জানায়, সেপ্টেম্বরের জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেন-বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী গড় সৌদি সিপি প্রতি টন ৬৪৭ দশমিক ৭৫ ডলার। এর সঙ্গে জাহাজভাড়া, ব্যবসায়ীদের প্রিমিয়াম ও প্রতি ডলারের গড় বিনিময় হার ১২৩ টাকা ৩০ পয়সা হিসাব করে দাম সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন

নতুন দরে ৫ দশমিক ৫ কেজি সিলিন্ডার ৭২৭ টাকা, ১২ দশমিক ৫ কেজি ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজি ১ হাজার ৯৮২ টাকা, ১৬ কেজি ২ হাজার ১১৩ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৩০৩ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা ও ৪৫ কেজি ৫ হাজার ৯৪৫ টাকা।

গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম কমে প্রতি লিটার ৭৩ টাকা ৯ পয়সা হয়েছে। রেটিকুলেটেড এলপিজির দাম প্রতি কেজি ১২৮ টাকা ৩৭ পয়সা। সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজি সিলিন্ডারের দাম আগের মতো ৭৭৬ টাকা ৯৩ পয়সা।

২০২১ সালের এপ্রিল থেকে সৌদি সিপি ও ডলারের বিনিময় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করছে বিইআরসি।

তবে নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। কমিশন জানিয়েছে, মজুত, বোতলজাতকরণ, পরিবেশক ও খুচরা পর্যায়ে নির্ধারিত দামের বেশি নেওয়া যাবে না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর