প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের ১০ উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী এ দায়িত্ব বণ্টন করেছেন। ১০ উপদেষ্টার মধ্যে পাঁচজন মন্ত্রীর পদমর্যাদা এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন।
মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদ রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া মো ইসমাইল জবিউল্লাহ জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন।
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় হুমায়ুন কবিরকে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
শামসুল ইসলাম প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাহেদ উর রহমান পলিসি অ্যান্ড স্ট্যাটেজি, মাহদী আমিন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রেহান আসিফ আসাদ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এ ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী, ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।


