এক বছরের সাজা থেকে বাঁচতে ১১ বছর ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। তার নাম জয়নাল আবেদীন ওরফে সুমন ওরফে জয়নাল উদ্দিন (৩৯)।
বুধবার দুপুরে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে পলাতক ওই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদক মামলায় এক বছরের সাজা পেয়েছিলেন।
র্যাব সূত্রে জানা যায়, জয়নালের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মারামারি ও চুরিসহ আরও দুটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে র্যাব-১৫ এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) এর একটি আভিযানিক দল চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন খাগড়িয়া ইউনিয়নের মৌলভীবাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আ. ম. ফারুক বলেন, ‘আটক জয়নাল সাতকানিয়া উপজেলার চর খাগড়িয়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। তিনি মূলত পেশাদার অপরাধী। চট্টগ্রাম বাকলিয়া থানায় একটি মাদক মামলায় ২০২১৪ সালে আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়। সাজা এড়াতে তিনি বিগত ১১ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন অবস্থায় ছিলেন।’
গ্রেপ্তারের পর আসামিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।


