শেখ হাসিনার বিরুদ্ধে আইন নিজের গতিতে চলবে এবং তিনি দেশে ফিরে বিচার মেনে নেবেন বলে আশা প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বুধবার দুপুরে নেত্রকোনার মদন উপজেলায় জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে পূবালী ব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি নিজের অভিজ্ঞতা টেনে বলেন, ‘আমিও তো জেলে ছিলাম, মিথ্যা মামলায় তিনটি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আর উনি তো ন্যায়ের ওপর দণ্ডিত হয়েছেন। জাতিসংঘও তার ব্যাপারে তদন্ত প্রতিবেদন দিয়েছে।’ হাসিনা বিচার মোকাবিলা করতে চাইলে সেটিকে সাধুবাদ জানানোর কথা বলেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন সুলতানা, পূবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চল প্রধান ও ডেপুটি জেনারেল মো. হুমায়ুন মিয়া, মদন উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


