হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী
Advertisement
Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার মিরপুর মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে (৭২) জিজ্ঞাসাবাদের জন্য আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার এই মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা মিরপুর বিভাগের এসআই মো. হাবিব উল্ল্যাহের আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ডের আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালত।

শুনানিতে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ। তিনি বলেন, আসামি ১/১১-এর অন্যতম কুশীলব। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অত্যাচার করে দেশ ছাড়তে বাধ্য করেন।

আসামিপক্ষে জামিন চেয়ে শুনানি করা হয়। তারা বলেন, এই আসামির বয়স সত্তরের বেশি। মামলার এজাহারে তার নাম নেই। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগও নেই।

আরও পড়ুন

এ সময় আসামীপক্ষের আইনজীবী আসামি তার পরিবারের সঙ্গে মোবাইলে কথা বলতে চান জানিয়ে, এ বিষয়ে অনুমতি প্রার্থনা করেন। তবে আদালত তা নামঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, ভুক্তভোগী বিপ্লব শেখ (১৯) চব্বিশ  সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। এ সময় মামলার এজাহারনামীয় ও অজ্ঞাতনামা অস্ত্রধারী ব্যক্তিরা বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে আন্দোলন দমনের উদ্দেশ্যে দাঙ্গা ও ত্রাস সৃষ্টি করে এবং গুলি ছোড়ে।

এতে বিপ্লব শেখ গলায় ও কোমরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে একই দিন মিরপুর-১০ নম্বরের আজমল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১১টার দিকে তিনি মারা যান।

প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত সন্দেহভাজন আসামি মাসুদ উদ্দিনের এ ঘটনায় জড়িত থাকার বিষয়ে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার মূল রহস্য উদ্ঘাটন, অন্যান্য জড়িত আসামিদের শনাক্ত করা এবং ঘটনার বিস্তারিত জানার জন্য তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর