সীতাকুণ্ডে অবরোধ: আসলামের ৪ সমর্থক বিএনপি থেকে বহিষ্কার

সীতাকুণ্ডে অবরোধ: আসলামের ৪ সমর্থক বিএনপি থেকে বহিষ্কার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা প্রকাশের পর চট্টগ্রামে সহিংস ঘটনা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে আসলাম চৌধুরীর ৪ সমর্থককে বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক মামুন এবং যুবদলের সোনাইছড়ি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পর দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেট এলাকায় সহিংসতা, হানাহানি ও মহাসড়ক অবরোধসহ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন কয়েকজন স্থানীয় নেতা।

এই ঘটনায় জড়িত থাকার দায়ে অভিযুক্ত নেতাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন

এ সময় বহিষ্কৃত চারজনই বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির প্রভাবশালী নেতা আসলাম চৌধুরীর সমর্থক হিসেবে পরিচিত বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের তালিকায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আসলাম চৌধুরীর নাম না থাকায় তার সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেন। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামে।

প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিএনপি সোমবার ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। তালিকা প্রকাশের পর বিভিন্ন জেলায় মনোনয়ন নিয়ে বিরোধ ও সহিংসতার ঘটনা ঘটছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad