মানবতাবিরোধী অপরাধের মামলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী হিসেবে লড়তে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন ব্রিটিশ আইনজীবী গ্রায়াম এল হল।
গত ১৪ আগস্ট পাঠানো তার চিঠিটি ২৪ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলে দাখিল করা হয়েছে। বার কাউন্সিলের সচিবের কাছে পাঠানো চিঠিতে গ্রায়াম হল আসামি সালমান এফ রহমানের পক্ষে স্থানীয় আইনজীবীদের সঙ্গে একজন বিদেশি আইনজীবী হিসেবে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার অনুমতি চেয়েছেন। আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে গ্রায়াম এল হল লিখেছেন, আমি বাংলাদেশ বার কাউন্সিলের সদয় বিবেচনার জন্য অনুরোধ করছি, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর অধীনে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের স্থানীয় আইনজীবীদের পাশাপাশি সালমান এফ রহমানের পক্ষে একজন বিদেশি আইনজীবী হিসেবে আমাকে উপস্থিত হওয়ার অনুমতি প্রদান করা হয়।
আবেদনে তিনি এর আইনি ভিত্তি হিসেবে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারার উল্লেখ করেছেন।
তবে গ্রায়াম হলের আবেদনের বিষয়ে বার কাউন্সিল এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার বলেন, ‘চিঠি সংশ্লিষ্ট শাখা হয়ে আমার কাছে এখনো আসেনি। আমি চিঠি পেলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালমান এফ রহমানের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা চলছে।
গত ১২ জানুয়ারি সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এই মামলায় তার সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকও আসামি হিসেবে রয়েছেন। প্রসিকিউশনের দাবি, জুলাই গণঅভ্যুত্থান দমনে পরিকল্পিত ও পদ্ধতিগত সহিংসতার সঙ্গে আসামিরা জড়িত ছিলেন।


