সারা দেশে ৮৭,৭০০ লিটার অবৈধ জ্বালানি উদ্ধার

সারা দেশে ৮৭,৭০০ লিটার অবৈধ জ্বালানি উদ্ধার
জ্বালানি তেল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৮৭ হাজার ৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, ৬৪ জেলার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৩৯১টি অভিযান পরিচালনা করে ১৯১টি মামলায় মোট ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, সাতক্ষীরা জেলায় একজনকে ২ মাসের, চাঁদপুর জেলায় একজনকে ১ বছরের এবং গাজীপুর জেলায় একজনকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

৬৪ জেলা থেকে উদ্ধারকৃত জ্বালানির মধ্যে রয়েছে ৬৭ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬ হাজার ৪৪৪ লিটার অকটেন এবং ১৩ হাজার ৮৫৬ লিটার পেট্রোল। সব মিলিয়ে মোট ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি উদ্ধার হয়েছে।

এ ছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটরা মহানগরীর উত্তরা বেড়িবাঁধ, গাবতলী, আমিন বাজারসহ বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন এবং জ্বালানি সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

আরও পড়ুন

ধাউর উত্তরা বেড়িবাঁধ এলাকায় রাস্তার পাশে উন্মুক্তভাবে জ্বালানি বিক্রির সময় একটি দোকানে অভিযান চালানো হয়। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দোকানদার পালিয়ে যায়। ওই স্থান থেকে ১০০ লিটার ডিজেল ও ১০ লিটার অকটেন উদ্ধার করা হয়। পরে তা নিকটবর্তী ফিলিং স্টেশনের মাধ্যমে গ্রাহকদের কাছে বিক্রি করা হয় এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব পেট্রোল পাম্পের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বিপিসি ট্যাগ অফিসার নিয়োগ করেছে। মহানগর এলাকার বাইরে জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ অধিক্ষেত্রে প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন। এসব ট্যাগ অফিসার নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন এবং প্রয়োজন অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়ে প্রতিবেদন দাখিল করবেন।

বিভাগভিত্তিক ট্যাগ অফিসারের সংখ্যাও জানানো হয়। ঢাকা বিভাগের ১৩ জেলায় ৪৭৯ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় ৩৩০ জন, রাজশাহী বিভাগের ৮ জেলায় ৩৪০ জন, খুলনা বিভাগের ১০ জেলায় ৩০১ জন, রংপুর বিভাগের ৮ জেলায় ৩৫৬ জন, বরিশাল বিভাগের ৬ জেলায় ৬১ জন, ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় ১০৪ জন এবং সিলেট বিভাগের ৪ জেলায় ১৩৫ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া ঢাকা মহানগরে ১১৬ জন এবং চট্টগ্রাম মহানগরে ৬২ জন কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার পর্যন্ত দেশে ডিজেলের মজুদ রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন, অকটেন ৭ হাজার ৯৪০ মেট্রিক টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ মেট্রিক টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন। এতে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে আশ্বস্ত করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad