দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলমান থাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান সাবেক এই মেয়রের ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
আবেদনে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র আসামি শেখ ফজলে নূর তাপস সংসদ সদস্য ও মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। এ সম্পদের পরিমাণ ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকা। এছাড়া তিনি তার নিজ নামের ২৭টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা ও ৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলারের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।
তদন্ত করতে গিয়ে দুদক জানতে পেরেছে, আসামী শেখ ফজলে নূর তাপস তার নামের অস্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে সম্পদগুলো হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতি হতে পারে। সে কারণেই এসব অবরুদ্ধ করা প্রয়োজন বলে জানিয়েছে দুদক।


