চেক জালিয়াতির মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ঢাকার নবাবগঞ্জে তার মালিকানাধীন রিসোর্ট ওয়ান্ডারল্যান্ড গ্রিন পার্ক থেকে তাকে আটক করা হয়।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর শামসুদ্দোহাকে আদালতে হাজির করা হয়েছে।
শামসুদ্দোহা খন্দকার প্রেষণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সে সময়ে নদী খনন প্রকল্পের টেন্ডার থেকে শত শত কোটি টাকা কমিশন নেওয়ার পাশাপাশি নদী দখল করে স্থাপিত শিল্প কারখানার মালিকদের কাছ থেকেও অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এভাবে অর্জিত অর্থ দিয়ে নবাবগঞ্জে শত বিঘার বেশি জমিতে কয়েকশ কোটি টাকার খামারবাড়ি গড়ে তোলেন তিনি।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা যায়, শামসুদ্দোহা এবং তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযোগপত্রে ৬৬ কোটি ৪৮ লাখ টাকার সম্পদ গোপন ও অবৈধ সম্পদ অর্জনের তথ্য উল্লেখ করা হয়েছে।
দুদকের অনুসন্ধানে দেখা গেছে, দায়িত্বপালনের সময় তিনি ক্ষমতার অপব্যবহার করে বিপুল অর্থ আয় করেন এবং সেই অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে জমা দিয়ে পরবর্তীতে নানা উপায়ে তোলেন। এভাবে ২১ কোটির বেশি টাকা ব্যাংক হিসাবে লেনদেন করে উৎস ও মালিকানা আড়াল করার চেষ্টা করেন তিনি।
মামলার নথি অনুযায়ী, দাখিল করা সম্পদ বিবরণীতে আট কোটি টাকার বেশি সম্পদের তথ্য গোপন করেছেন শামসুদ্দোহা। পাশাপাশি দুদকের তদন্তে আরও প্রায় তিন কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধেও প্রায় ৫৬ কোটি টাকার সম্পদ গোপন ও জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।


