সাতক্ষীরা সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ১০ লাখ ১৫ হাজার ৩৩০ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় গাঁজা ও মোটরসাইকেলসহ রনি বাবু (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার গাজীপুর, মাদরা, বৈকারী, কাকডাঙ্গা, সুলতানপুর, চান্দুড়িয়া ও ঝাউডাঙ্গা চেকপোস্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
আটক রনি বাবু সাতক্ষীরা সদর উপজেলার কুশাখালী গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল বেলতলা এলাকা এবং বৈকারী বিওপির দল ছয়ঘরিয়া এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। একইভাবে কাকডাঙ্গা বিওপির দল কলারোয়া উপজেলার গেড়াখালি এলাকা থেকে ভারতীয় বিস্কুট এবং মাদরা বিওপির দল রাজাপুর এলাকা থেকে ভারতীয় ও বাংলাদেশি শাড়ি জব্দ করে।
এ ছাড়া সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল তালশারি এলাকা এবং চান্দুড়িয়া বিওপির দল গোয়ালপাড়া এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
অন্যদিকে, ঝাউডাঙ্গা ক্যাম্পের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাঠি এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও একটি মোটরসাইকেলসহ রনি বাবুকে আটক করে।
বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা সব মালামালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ১৫ হাজার ৩৩০ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ করা ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। আর জব্দ করা মাদকদ্রব্যসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে জনস্বার্থে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


